সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

স্বপদেই বহাল অভিষেক

আন্তর্জাতিক নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূলের ‘বিদ্রোহী’ বিধায়ক-নেতাদের আঙুল মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাঁর নেতৃত্ব, দল পরিচালনার ক্ষমতার পাশাপাশি, নিচুতলার নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষায় অনীহা, দলের নেতাদের সঙ্গে আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। তবে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা রইল অভিষেকেই। ‘বিদ্রোহ’ এবং ‘বিরোধিতা’ সত্ত্বেও অভিষেকই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থেকে গেলেন। তবে তাঁর সঙ্গে সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক করা হল রাজ্যসভার দুই সাংসদ দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েনকে। পাশাপাশি, ভোট-বিপর্যয়ের পর সুব্রত বক্সীকে সরিয়ে তৃণমূলের নতুন রাজ্য সভাপতি করা হল চন্দ্রিমা ভট্টাচার্যকে।

বুধবার তৃণমূলের সমস্ত সংগঠন এবং শাখা সংগঠনের কমিটি ভেঙে দেয় তৃণমূল। শুক্রবার কালীঘাটে বৈঠকে বসেন নেতৃত্ব। তাতে নতুন করে দল সাজানোর কথা ঘোষণা করেন মমতা। তারই অংশ, দোলা এবং ডেরেককে অভিষেকের সহকারী করা। যদিও তৃণমূলের একাংশের ব্যাখ্যা, এত দিন দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা হিসাবে কাজ করে এসেছেন অভিষেক। পরিবর্তিত পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে তাঁর সঙ্গে আরও দু’জনকে যুক্ত করা হল। যাঁরা ‘সাহায্য’ করবেন অভিষেককে। তবে কার্যক্ষেত্রে তার খুব একটা প্রতিফলন পাওয়া যাবে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে।

তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয়েছে আগেই। ফলে ওই পদে বদল অনিবার্য ছিল। সেই দায়িত্বে আনা হয়েছে প্রাক্তন মন্ত্রী মলয় ঘটককে। হকার সংগঠনের দায়িত্বে মদন মিত্র এবং লিগ্যাল সেলের দায়িত্বে বিমান বন্দ্যোপাধ্যায়ই রইলেন। জেলা কমিটির দায়িত্বে কারা থাকবেন, তা পরে ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মুখপাত্র হিসাবে চন্দ্রিমা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন এবং কুণাল ঘোষই থাকছেন। কোষাধ্যক্ষ করা হয়েছে শুভাশিস চক্রবর্তীকে।

তবে দলীয় কাঠামো পরিবর্তনের পরেও সংগঠনে বেশ কিছু নামের সংযোজন এবং অনুপস্থিতি— দুই-ই নিয়েই প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরে। প্রথম নাম সায়নী। তিনি যাদবপুরের সাংসদ হওয়ার আগে থেকেই যুব সংগঠনের দায়িত্বে ছিলেন। কিন্তু নির্বাচনের ফলপ্রকাশের পর সমাজমাধ্যম ছেড়ে মাঠে দেখা যায়নি তাঁকে। এমনকি, মমতার ধর্মতলার ধর্নাতেও অনুপস্থিত ছিলেন তিনি। অরূপকে নিয়ে টালিগঞ্জবাসীর মধ্যে ক্ষোভের দাবানল জ্বলছে। তার পরেও সংগঠনে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার বিজেপি থেকে তৃণমূলে ফেরত আসা এবং ত্রিপুরায় তৃণমূলের সংগঠন দেখে আসা, ডেবরায় পরাজিত হওয়া রাজীবের অন্তর্ভুক্তিও অনেকে অবাক করেছে। একই ভাবে প্রশ্ন উঠেছে বৈশ্বানর চট্টোপাধ্যায় কেন নেই। কেন ‘দুর্দিনের সঙ্গী’ যুবনেতা সুদীপ রাহা কোথাও জায়গা পেলেন না। একই ভাবে বিদেশ, রানা, বসুন্ধরার সাংগঠনিক ক্ষমতা কতটা, তা নিয়েও প্রশ্ন তোলার অবকাশ থাকছে।
তৃণমূলের পরিষদীয় দল ভাঙার পরে সংসদীয় দলের ভাঙন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। শুক্রবার সরাসরি মমতাকে তোপ দেগেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর সঙ্গে একাধিক মহিলা সাংসদ রয়েছেন বলে খবর। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন মমতা-ঘনিষ্ঠেরা। শুক্রবার বৈঠকের পর কুণাল ঘোষ বলেন, ‘‘আজকের বৈঠকে সব সাংসদকে ডাকা হয়নি। দলের তরফে যাঁদের ডাকা হয়েছিল তাঁরা সকলে সশরীরের এবং ভার্চুয়ালি হাজির ছিলেন।’’ যদিও মমতা জানিয়েছিলেন, অরূপ যোগ দেবেন বৈঠকে। কিন্তু তিনি শেষপর্যন্ত যাননি। অন্য দিকে, যে দিন মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ববি, সে দিন তাঁর দলীয় পদ (তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক)-ও গিয়েছে। তাঁকে কর্মসমিতিতেও রাখা হয়নি। জানা গিয়েছে, সাংসদ কল্যাণ এবং মালা সশরীরে উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি ছিলেন মহুয়া মৈত্র, দীপক অধিকারী (দেব) এবং সুস্মিতা দেব।


এই বিভাগের আরো খবর