টিকিট বিক্রি শেষ, সব প্রস্তুতিও সম্পন্ন—এমন অবস্থায় একদম শেষ মুহূর্তে এসে স্থগিত হলো কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট। এ ঘটনার পর আবারও সংশয়ে পড়ছেন কনসার্ট আয়োজক ও শ্রোতারা। কেননা গত এক-দেড় বছরে এরকম অনেক কনসার্ট বাতিল হয়েছে। ফলে ২৪ জুলাই অনুষ্ঠিতব্য পাকিস্তানের জনপ্রিয় তারকা আতিফ আসলামের কনসার্ট নিয়েও নতুন করে দেখা দিয়েছে শঙ্কা।
২৬ জুন ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট। এতে অনুপম রায়ের পাশাপাশি বাংলাদেশের ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’রও পারফর্ম করার কথা ছিল। কিন্তু মাত্র এক দিন আগে ২৫ জুন আকস্মিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কনসার্টটি স্থগিত করেন আয়োজকরা।
শতভাগ প্রস্তুতি নিয়ে স্পন্সর সংগ্রহ ও আন্তর্জাতিক শিল্পীদের চড়া মূল্যে অগ্রিম অর্থ পরিশোধ করার পর একদম শেষ মুহূর্তে যখন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ছাড়পত্র বাতিল করা হয়, তখন আয়োজকরা একরকম আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েন। তাদের মধ্যে দেখা দেয় স্পষ্ট উদ্বেগের ছাপ।
তিনি আরও বলেন, ‘অগ্রিম খরচ ও রিফান্ড প্রসেসের খরচের কারণে আমাদের বড় আর্থিক লোকসান থাকে; সেটার পরিমাণ ঠিক কত, তা পুরো আয়োজন সম্পন্ন না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। এছাড়া স্থগিত হওয়া কনসার্টটি পুনরায় আয়োজন করার পরিকল্পনা থাকলেও শিল্পীদের শিডিউল ম্যাপিং বা ফাঁকা স্লট পাওয়ার ওপর সবকিছু নির্ভর করায় সেটাও এখন সম্ভব হচ্ছে না।’

কনসার্ট আয়োজনে আমাদের কোনো গাফিলতি থাকে না। সরকারকে ট্যাক্স দিয়ে এবং সব নিয়ম মেনেই শোয়ের পরিকল্পনা করি আমরা। কিন্তু শেষ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আপত্তি জানানো হয়।
সদ্য স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইমস কমিউনিকেশন্স-এর ম্যানেজিং ডিরেক্টর প্রীতম দে ঢাকা পোস্টকে বলেন, ‘কনসার্ট আয়োজনে আমাদের কোনো গাফিলতি থাকে না। সরকারকে ট্যাক্স দিয়ে এবং সব নিয়ম মেনেই শোয়ের পরিকল্পনা করি আমরা। কিন্তু শেষ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আপত্তি জানানো হয়। বিদেশি কোনো শিল্পী এলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা নিরাপত্তা সংস্থাগুলো স্বাভাবিকভাবেই তৎপর থাকে। তবে তাদের কোনো সংশয় থাকলে বা ঝুঁকির আশঙ্কা মনে হলে তারা শেষ মুহূর্তে তা বন্ধ করে দেয়। আমাদের দাবি হলো, এই শো বাতিলের বিষয়টি যেন একেবারে শেষ মুহূর্তে না হয়। বিদেশি শিল্পীদের অগ্রিম পেমেন্ট, সরকারকে ট্যাক্স—সব দেওয়ার পর যখন শো বাতিল হয়, তখন আমাদের আর করার কিছু থাকে না।’
টিকিট রিফান্ড প্রসঙ্গে প্রীতম দে জানান, অন্যান্য আয়োজকদের ম্যানুয়াল ভেরিফিকেশনে সময় লাগলেও তাদের নিজস্ব সিস্টেম জেনারেটেড রিফান্ড প্রসেস থাকায় ২৪ ঘণ্টার মধ্যেই দর্শকদের টাকা ফেরত দিতে পেরেছেন। তবে এমন অনাকাঙ্ক্ষিত স্থগিতাদেশ কর্পোরেট বিনিয়োগের ক্ষেত্রে একটি বড় ধাক্কা বলে মনে করেন তিনি।
প্রীতম উল্লেখ করেন, ইয়ামাহা মিউজিক ‘ওয়ান ট্রু সাউন্ড’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল, যার অধীনে বছরে তিন-চারটি আন্তর্জাতিক ইভেন্ট করার কথা। কিন্তু প্রথম ইভেন্টেই এমন ধাক্কা খাওয়ায় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এই ইন্ডাস্ট্রিতে বিনিয়োগে আগ্রহ হারাবে।

বিশেষ করে যারা নতুন করে টিকিট কাটতে চাচ্ছেন, তারা কার্যত আগ্রহ হারাচ্ছেন। আতিফ আসলামের এই কনসার্টের খবরে নেটিজেনদের অনেকে শঙ্কা প্রকাশ করেন, কেউ কেউ স্ক্যাম নিয়েও প্রশ্ন তোলেন। সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় কনসার্ট স্থগিতের আশঙ্কা।
তবে নিরাপত্তা সংক্রান্ত এ জটিলতার কারণ জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের সাড়া মেলেনি।







