শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

কোয়ার্টারের আগে অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার

স্পোর্টস ডেস্ক
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে দুশ্চিন্তায় নরওয়ে। দলটির স্কোয়াডের একাধিক ফুটবলার অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন গোলরক্ষক ওরিয়ান নিয়ল্যান্ড। পরিস্থিতি এমন যে, দলীয় চিকিৎসককে এখন ‘খুব ব্যস্ত’ সময় পার করতে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিয়ল্যান্ড বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে খবরটি সত্যি। আমাদের কিছু সমস্যা হয়েছে। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই মুহূর্তে দলীয় চিকিৎসক খুব ব্যস্ত।’

অসুস্থতার উৎস সম্পর্কে নিশ্চিত নন নরওয়ের এই গোলরক্ষক। তার ধারণা, দলের ছুটির সময় হয়তো কেউ সংক্রমিত হয়ে থাকতে পারেন, ‘আমি নিশ্চিত নই। আমরা কিছু সময় ছুটিতে ছিলাম, হয়তো সেই সময় কেউ আক্রান্ত হয়েছে। আশা করি সবকিছু ঠিক থাকবে এবং শনিবার আমরা পুরোপুরি ফিট দল নিয়েই ইংল্যান্ডের মুখোমুখি হতে পারব।’

নরওয়ের সংবাদমাধ্যম ডাগব্লাদেত জানিয়েছে, টানা ভ্রমণের ধকল খেলোয়াড়দের শারীরিক অবস্থার ওপর প্রভাব ফেলেছে। ইতোমধ্যে ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড জর্গেন স্ট্রান্ড লারসেন অসুস্থতার কারণে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে পারেননি। ব্রাজিলের বিপক্ষেও একই কারণে অনুপস্থিত ছিলেন মার্কাস হোলমগ্রেন পেডারসেন।

শুধু খেলোয়াড়রাই নন, অসুস্থতার প্রভাব পড়েছে কোচ স্তালে সোলবাক্কেনের ওপরও। ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে তাকে কিছুটা অসুস্থ অবস্থায় দেখা গেছে।


এই বিভাগের আরো খবর