রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন-পূর্ববর্তী আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে রাজশাহী থেকে সব রুটে রাজশাহী মালিকানাধীন বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আগামীকাল সকল রুটে সব ধরনের বাস চলাচল বন্ধের ডাক দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
বাস শ্রমিক নেতাদের দাবি, এর আগে নির্বাচন ছাড়াই সড়ক পরিবহন ফেডারেশন শ্রমিকদের সব পক্ষের নেতাদের ঢাকায় ডেকে শ্রমিক ইউনিয়ন কমিটি গঠন করে দেয়। কিন্তু ঘোষিত কমিটির সভাপতি পাখি ও সাধারণ সম্পাদক মমিন পক্ষের বিরোধের কারণে জেলা প্রশাসকের হস্তক্ষেপে সেই কমিটি স্থগিত করা হয়। চলমান সংকট নিরসনে সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাঁচ সদস্যের নির্বাচন-পূর্ববর্তী একটি আহ্বায়ক কমিটি গঠন করার প্রস্তাব করা হয়। কমিটিতে বাস মালিক সমিতির নেতা নজরুর ইসলাম হেলাল রাখার প্রস্তাব করা হলে শ্রমিকরা প্রতিবাদ জানায় এবং সভাকক্ষ ত্যাগ করে। এই নিয়ে শ্রমিকদের মধ্য অসন্তোষ দেখা দেয়। পরবর্তীতে শ্রমিকদের একটি অংশ বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ শুরু করে। এ সময় ঢাকাগামী বিভিন্ন বাস কাউন্টার ও এক বাস মালিকের কার্যালয়ে ভাঙচুর করে। একই সঙ্গে নগরীর ভদ্রা মোড় ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচলে বাধা দিয়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন বন্ধের ঘোষণা দেয় তারা।

বিক্ষুব্ধ বাস শ্রমিকরা জানায়, শ্রমিক ইউনিয়নের নির্বাচনকালীন কমিটিতে শ্রমিকরা থাকবে। কোন বাস মালিক থাকবে না। জোর করে প্রশাসন তাদের পর বাস মালিকদের চাপিয়ে দিলে তারা মানবে না। এরই প্রতিবাদে রাজশাহীর বাস মালিকদের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। একই সাথে আগামী কাল সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ এর ডাক দেয়া হয়।