বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সব রুটের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছ । এ রফলে ঢাকাসহ রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম জানান, হরিয়ান স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে প্রায় ২০০ গজ যাওয়ার পর একটি বগির চাকার সঙ্গে থাকা ট্রলি ভেঙে যায়। এতে বগিটির দুটি চাকা লাইনচ্যুত হয়।
ঘটনাটি মেইন লাইনে হওয়ায় রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার।
এর আগে মঙ্গলবার ভোর ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন লোকমানপুর এলাকা অতিক্রমের সময় রেললাইন ভেঙে যায়। তবে ট্রেনটি নিরাপদেই ওই স্থান পার হয়ে যায়।
ওই ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। আটকা পড়ে রাজশাহী থেকে ঢাকাগামী তিনটি ট্রেন।
একই দিনে রেললাইনে ত্রুটি এবং ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগে দেখা দিয়েছে চরম ভোগান্তি।


এই বিভাগের আরো খবর