রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

তৃণমূল থেকে এনসিপিআই: ২১ দিন সময় পেলেন ‘বিদ্রোহী’ ২০ সাংসদ!

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

রাতারাতি তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজ়েন্‌স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ সাংসদকে আরও তিন সপ্তাহ সময় দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।ওই ‘বিদ্রোহী’ সাংসদের বক্তব্য জানতে চেয়ে আগেও চিঠি দিয়েছিল লোকসভার সচিবালয়। সময় দেওয়া হয় এক সপ্তাহ। কিন্তু তাঁরা তিন সপ্তাহ সময় চেয়ে লোকসভার সচিবালয়কে চিঠি দেন। বৃহস্পতিবার জানা গেল, সেই আবেদন মঞ্জুর হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে সময় বরাদ্দের কথা জানিয়েছে লোকসভা সচিবালয়।

এর আগে গত ২৬ অগস্ট নোটিস পাঠানো হয়েছিল তৃণমূলের ‘বিদ্রোহী’ ২০ সাংসদকে। সেই সময়সীমা মঙ্গলবারই শেষ হয় গিয়েছে। লোকসভার স্পিকারের সচিবালয়ের কাছে বাড়তি সময় চান সুদীপরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের উত্তর দিতে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় চান সুদীপ-কাকলি ঘোষ দস্তিদারেরা। তাঁদের আর্জি মানলেন স্পিকার। মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন, ‘‘আমরা আবেদন করেছিলাম ২১ দিন সময় চেয়ে। লোকসভার সচিবালয় তা গ্রহণ করেছে।’’ তবে ‘বিদ্রোহী’ সাংসদদের একটি সূত্র জানাচ্ছে, সকলেই যে ২১ দিন সময় চেয়েছিলেন, তা নয়। কেউ ১৪ দিনের মধ্যে জবাব দেবেন বলেছিলেন। তবে লোকসভা সচিবালয় থেকে তিন সপ্তাহের আবেদনই সকলের ক্ষেত্রে মেনে নেওয়া হয়েছে।

আসলে লোকসভার খাতায়কলমে এঁরা ‘তৃণমূল’ হলেও, কাজেকর্মে ‘এনসিপিআই’। মুখেও বলছেন সে কথা। যাচ্ছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তাঁর ৭ নম্বর লোককল্যাণ মার্গের বাসভবনেও বৈঠক করেছেন। কিন্তু লোকসভা কক্ষে তাঁরা পরিচয় দিচ্ছেন তৃণমূল সাংসদ হিসাবে। এ হেন ২০ জনের সাংসদপদ খারিজ করার আর্জি জানিয়ে তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে স্পিকারের কাছে পিটিশন দাখিল করেছিলেন লোকসভায় তৃণমূলের নেতা অভিষেক। স্পিকারের তরফে বার্তা না-পেয়ে তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন। আবেদন, ওই ২০ জনের সাংসদপদ খারিজের আবেদনের দ্রুত নিষ্পত্তি হোক। লোকসভার স্পিকার এই সংক্রান্ত আবেদনের নিষ্পত্তিতে দেরি করছেন বলে অভিযোগ করা হয় শীর্ষ আদালতে। লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করেন অভিষেক।

গত ২৫ অগস্ট দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানেও শীর্ষ আদালত ওই ২০ সাংসদের বক্তব্য জানতে চেয়েছে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ওই মামলার শুনানি হওয়ার কথা।


এই বিভাগের আরো খবর