এবারের মো. আবদুল মান্নান লাডু ট্রফি ‘স্পোর্টসম্যান অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন মিদুল হাসান। সাঁতারে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারম দ্বৈতে মো. জহিরুল ইসলামের সঙ্গে জুটি বেঁধে শিরোপা জেতেন তিনি। এ ছাড়া ক্যারম এককে রানারআপ, আর্চারিতে তৃতীয় এবং ১০০ মিটার স্প্রিন্টে রানারআপ হন মিদুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।
এ ছাড়া আসন্ন এশিয়ান গেমসের পর দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার কথা বলেন আমিনুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে পদক আসতে পারে—এমন ইভেন্টগুলোকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। এ ছাড়া প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম।







