সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাঙচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তদন্ত কমিটির বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটিতে রয়েছেন- পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং পাকশী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী।এর আগে এ ঘটনাকে কেন্দ্র করে এনআরবির ৪ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন- আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটির বিরুদ্ধে রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ঘেরাও ও স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের অবরোধের কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেন রেল কর্তৃপক্ষ। তবে সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী থেকে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বিভিন্ন রুটের ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এ বিষয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুমকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।


এই বিভাগের আরো খবর