মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

জামায়াতের এদেশে বাস করার অধিকার নেই : বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধার প্রতিবাদে আয়োজিত সভায় বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদল বলেছেন, জামায়াতের এই দেশে বাস করার অধিকার নেই।

সভাপতির বক্তব্যে ওবায়দুল কবির বাদল বলেন, দুইটা বিষয় সামনে আনা হচ্ছে—সাঈদী সাহেব রাজাকার ছিলেন না, আর মানিক পশারী মুক্তিযোদ্ধা না, সে পরে মুক্তিযোদ্ধা হিসেবে সামনে নিয়ে আসা হয়েছে। এগুলো তো জামায়াত বর্তমানে আনেনি, এগুলো এনেছে এনসিপির কিছু লোক আর বিএনপির মধ্যে কিছু ঘুপটিমারা গুপ্ত। তারা এগুলো প্রচার করছে মাসুদ সাঈদীর কাছ থেকে টাকা এনে। এরা টাকা এনে মুক্তিযোদ্ধাদের যে অপমান করছে, এটা ধামাচাপা দেওয়ার জন্য এগুলো সামনে এনে প্রচার করছে।

তিনি বলেন, এখন বিষয় হচ্ছে- সাঈদী সাহেব যুদ্ধাপরাধী হিসেবে মারা গিয়েছেন, তা কি যুদ্ধাপরাধীর তালিকা থেকে নাম কেটে গেছে? তাকে যতদিন পর্যন্ত কোর্ট রায় না দেবে যে তিনি যুদ্ধাপরাধী নন, ততদিন পর্যন্ত সাঈদী যুদ্ধাপরাধী থাকবেন।

এই মুক্তিযোদ্ধা আরও বলেন, ‘যতদিন পর্যন্ত একজন মুক্তিযোদ্ধা নামধারী মানুষ থাকবে, তারে অপমান করার ক্ষমতা কারও নাই, বিশেষ করে জামায়াতের। জামায়াতের এ দেশে বাস করার অধিকার নাই। আমি আওয়ামী লীগ করি না, কখনোই করিনি। কিন্তু আওয়ামী লীগের একটা কাজের প্রশংসা করি, যে জামায়াতকে তারা বাতিল করছিল, রাজনীতি বাতিল। অর্থাৎ তারা যখন এ দেশকে মানেই না, এ দেশে তাদের নাগরিকত্ব নাই।’

এ সময় তিনি মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধাদানের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয়টি সামলাতে ব্যর্থ হওয়ায় তিনি নিন্দা জানান এবং সরকারের প্রতি প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর