পেঁয়াজের দামের লাগাম টানতে সরকারকে আরও শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। প্রতিষ্ঠানটি পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ কাস্টমস ডিউটি বা শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের সুপারিশ করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান বরাবর ট্যারিফ কমিশন থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
এদিকে পেঁয়াজ রফতানিতে ভারত সরকার বর্তমানে ২০ শতাংশ হারে রফতানি শুল্কারোপ করেছে। ট্যারিফ কমিশন মনে করে, দেশে প্রয়োজনীয় চাহিদাপূরণ ও ঊর্ধ্বমুখী বাজারমূল্য নিয়ন্ত্রণের জন্য আমদানি করা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি করা আবশ্যক। সে কারণে আমদানি ব্যয় হ্রাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ কাস্টমস ডিউটি বা শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করা সমীচীন হবে। একইসঙ্গে আমদানি করা পেঁয়াজ স্থানীয় বাজারে প্রবেশের পর বাজার ব্যবস্থাপনায় তা যথাযথভাবে মনিটরিং করারও সুপারিশ করেছে ট্যারিফ কমিশন।
বর্তমানে খুচরা বাজারে দেশি পেঁয়াজ মানভেদে প্রতি কেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর আমদানিতে পেঁয়াজের পাশাপাশি আলুতে ১৩ শতাংশ আমদানি শুল্ক ও কীটনাশকে ২০ শতাংশ শুল্ক কমানো হয়েছিল।