ভ্রাতৃদ্বিতীয়ায় ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানের দিকে নজর থাকে রাজ্যের রাজনৈতিক মহলের। অনেক বারই সেখানে কোনও না কোনও চমক দেখা গিয়েছে। এ বছরও ব্যতিক্রম হয়নি। ‘বিরক্তি’ দূরে সরিয়ে প্রতি বারের মতো ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনকে ফোঁটা দিলেন মমতা। কারণ, অনেকে মনে করেছিলেন, এ বার বাবুন ডাক না-ও পেতে পারেন। বাবুনের ঘনিষ্ঠ সূত্রে খবর, রবিবার দীর্ঘ ক্ষণ কালীঘাটের বাড়িতে ছিলেন তিনি। কথা বলেছেন দিদির সঙ্গে। তবে কী নিয়ে তাঁদের কথা হয়েছে, জানা যায়নি। মমতার কালীঘাটের বাড়িতে ফোঁটা নিতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী, শাসকদলের নেতারাও। অন্য দিকে, তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ বসেছিল ভাই-বোনদের ফোঁটার আসর।
