সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

এক বছরে চা রফতানি বেড়েছে ৩৩ শতাংশ: প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ :
আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

চলতি বছরের মে মাস পর্যন্ত ১৪টি দেশে প্রায় ১ মিলিয়ন কেজি চা রফতানি হয়েছে যা আগের বছরের চেয়ে ৩৩ শতাংশ বেশি বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সোমবার (৩ জুন) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার (৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উপলক্ষে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৮টি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার-২০২৪ প্রদান করা হবে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশের সংকল্প, রফতানিমুখী চা শিল্প’।

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘২০২৩ সালে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৩টি দেশে প্রায় ১ দশমিক ০৪ মিলিয়ন কেজি চা রফতানি করা হয়েছে যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি। চা রফতানি উৎসাহিত করতে ৩ শতাংশ রফতানি প্রণোদনা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে চা রফতানিও বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালের মে মাস পর্যন্ত ১৪টি দেশে প্রায় ১ মিলিয়ন কেজি চা রফতানি হয়েছে। চা রফতানি বৃদ্ধিতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ, বিদেশে দেশি চায়ের প্রচারণা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী চা তৈরিতে চা শিল্প সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ড কাজ করছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি বা ব্যক্তিকে ‘জাতীয় চা পুরস্কার ২০২৪’ দেওয়া হবে। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি ও সনদ তুলে দেবেন। চা দিবসের শুভ উদ্বোধন এবং জাতীয় চা পুরস্কার দেওয়ার পর প্রধানমন্ত্রী দিবস উপলক্ষে আয়োজিত চা মেলা পরিদর্শন করবেন। চা মেলায় দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর চা প্রদর্শন করা হবে। দর্শনার্থীদের জন্য দিনব্যাপী চা মেলা উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর