বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি। গণ্যমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি। আমরা বলেছি আওয়ামী লীগ রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবে কারা রাজনীতি করবে কারা করবে না। আমরা সেখানে কিছু না।ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলগাজী উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে। দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে একটা নির্বাচন দেবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। নতুন সরকার কাজ শুরু করেছে রাতারাতি সব সম্ভব না। আমরা বলেছি নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়।
