রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ফাঁকা মাঠ নয়, আপনাদের সামনে অপেক্ষা করছে শক্তিশালী অদৃশ্য দেয়াল : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি ইতিহাসের পাতায় টিকে থাকতে চাই, রাজনীতি দল হিসেবে টিকে থাকতে চাই, রাজনীতিতে টিকে থাকতে চাই, তাহলে জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে কিছু করলে টিকে থাকা যাবে না। বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার রুপরেখা নিয়ে রাজশাহীতে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।
তিনি বলেন,  আমাদের মধ্যে অনেকেই মনে করছেন আহারে সামনে নির্বাচন, ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা কেউ করবেন না। বিশ্বাস করুন সামনে অসম্ভব শক্তিশালী একটি  অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে। যেটি ভেদ করে সামনে যেতে অনেক কষ্ট হবে। কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে,  জনগণের কাছে যান এবং জনগণকে বুঝান। জনগণের আস্থা অর্জন করুন। জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন।
নেতাকর্মীদের জনগণের জন্য কাজ করা আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন পতিত সরকার দেশ থেকে পালিয়ে যেয়ে বসে নেই, ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র সফল হলে আপনাদের মামলা তো উঠবেই না, বরং আপনাদের ঘাড়ে দ্বিগুণ মামলার বোঝা চাপবে। যাদের ১০ মামলা আছে তাদের জ্যামেতিক হারে ২০ মামলা হবে। সেই সম্ভাবনাও কিন্তু আছে। সেই সম্ভাবনাকে নৎস্যাত করে দিতে আজ থেকে আপনাদের কেয়ারফুল হতে হবে। এখন থেকে আপনাদের একটাই টার্গেট জনগণ জনগণ জনগণ এবং পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট।
এর আগে  বেলা ১১টা থেকে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিএনপির রাজশাহী বিভাগীয় কর্মশালা শুরু হয়। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে সভায় রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সভাপতিত্বে এবং দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর মাহাদী আমিন, দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা ও জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।
কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন। কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার বিএনপি নেতারা অংশ নেন। #


এই বিভাগের আরো খবর