উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো রাজ্যে নির্বাচনে বিজেপির সংগঠন কেন ব্যর্থ হল তা খতিয়ে দেখা উচিত বলে মনে করছে আরএসএস।
গত দশ বছরে নরেন্দ্র মোদী যত শক্তিশালী হয়েছেন, ততই আরএসএস তথা সঙ্ঘ পরিবারের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের দূরত্ব বাড়ার অভিযোগ উঠেছে। দু’সপ্তাহ আগে বিজেপি সভাপতি জে পি নড্ডা দল ও সঙ্ঘের মধ্যে সম্পর্ক নিয়ে একটি সাক্ষাৎকারে বলেন, “অতীতে বিজেপি দল হিসেবে ছোট ছিল। অক্ষম ছিল। এখন বিজেপি পরিণত এবং সক্ষম। তাই বিজেপি এখন একাই চলতে পারে।” কথাটা ভাল ভাবে নেননি সঙ্ঘ নেতৃত্ব। এতে দুই শিবিরের দূরত্ব আরও বাড়বে বলে ঘরোয়া ভাবে মেনে নেন বিজেপির অনেক নেতা। অনেকের মতে, আজ বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াটা আরএসএসের কাছে শাপে বর। তারা এ বার বিজেপির উপরে হারানো নিয়ন্ত্রণ কিছুটা হলেও ফিরে পাবে, বিশেষত সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে।