বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পার্শ্ববর্তী রাস্ট্র বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায়, বাংলাদেশে উস্কানি দিচ্ছে। আজকে ঐ স্বৈরশাসক, ঐ কালো শক্তি যাদেরকে বাংলাদেশের জনগণ ও বৈষম্য বিরোধী ছাত্ররাসহ সকল রাজনৈতিক দল তাদেরকে উৎখাত করে তাড়িয়ে ভারত পাঠিয়ে দিয়েছে। তাদের নেত্রী চোরের মত পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। শনিবার বিকেলে সিংড়া কোর্ট মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি আরো বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করছে। তারা আবার স্বৈরশাসককে আনার চেষ্টা করছে। এটা হতে দেয়া যাবে না বলে হুশিয়ারী দেন এই বর্ষিয়ান নেতা।
জনসভায় আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া আসনের সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ শামীম হোসেন। সিংড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু জনসভায় সভাপতিত্ব করেন।