জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের অন্যতম যুগান্তকারী ঘটনা : জামায়াত
নিজস্ব প্রতিবেদক
আপডেট :
রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
Share
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি যুগান্তকারী ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের মানুষ এমন একটা বাংলাদেশ চেয়েছিলো যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। আওয়ামী সরকার দেশে প্রতিহিংসার রাজনীতি চালু করে দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের সাধারণ মানুষ বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে থানা প্রচার ও মিডিয়া সম্পাদকদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আফজাল হোসাইন, মোহাম্মদ তোফাজ্জল হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মাওলানা ড. কেরামত আলী বলেন, রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা সমুহের প্রচার সম্পাদকদের নিজ নিজ এলাকায় যুগের মুয়াজ্জিন হিসেবে ভুমিকা পালন করতে হবে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াতে ইসলামীকে আদর্শিকভাবে মুকাবিলা করতে ব্যর্থ হয়ে জনগণের মাঝে পরিকল্পিতভাবে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ছিলো। আমাদের সামাজিক ও মানবিক কর্মসূচি গুলোকে দেশের মানুষের সামনে তুলে ধরে ফ্যাসিবাদের এই অপপ্রচারের সমুচিত জবাব দিতে হবে। সংগঠনের সকল তৎপরতাকে জাতির সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইমাজ উদ্দিন মন্ডল বলেন, বিগত সরকারের চাপ ও রোষানলে পড়ে অনেক গণমাধ্যমই জামায়াতে ইসলামীর নিউজ তাদের পত্রিকায় তুলে ধরতে পারেনি। এমতাবস্থায় বিভিন্ন কৌশলে সামাজিক মাধ্যম সহ বিকল্প মিডিয়ায় সংগঠনের নিউজ সমুহ প্রচার করা হয়েছে। বর্তমানেও মুলধারার গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিয়ে সংগঠনের সকল সংবাদ প্রচারের উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে থানার প্রচার সম্পাদকদের বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে।