ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ অনেকটা সুপার বোলের মতো। যেকোনো খেলার সবচেয়ে বড় দ্বৈরথ এটি। এই দুই দেশের লড়াই দেখতে মুখিয়ে থাকে কোটি কোটি ক্রিকেট ভক্তরা। আগামীকাল রোববার নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় হাইভোল্ডেজ এই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুই দলেরই চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় ম্যাচ। ভারত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও হোঁচট খেয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে স্বাগতিকদের কাছে হারতে হয়েছিল তাদের। যে কারণে সুপার এইটে খেলতে হলে এই ম্যাচটি বাবর আজমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হয় না এই দুই দেশের মধ্যে। তাইতো এই দুই দেশের লড়াই দেখতে আইসিসির ইভেন্টের দিকেই তাকিয়ে থাকতে হয় ক্রিকেট ভক্তদের।
আমেরিকার কাছে হারলেও বাবর আজমের দলকে হালকা ভাবে নিচ্ছে না ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলিরা তাই প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না। কোচ রাহুল দ্রাবিড়ও ব্যস্ত পাকিস্তান ম্যাচের পরিকল্পনা নিয়ে। কারণ, পাকিস্তানের থেকে অন্য একটি বিষয়কে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ভারতীয় শিবির।
আইপিএলে সবচেয়ে বেশি রান করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে রান পাননি কোহলি। রান পাননি সূর্যকুমার যাদবও। রানে ফেরার জন্য দুই ব্যাটার পাখির চোখ করছেন পাকিস্তান ম্যাচকে। শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হ্যারিস রউফ, নাসিম শাহদের নিয়ে তৈরি বাবরদের বোলিং আক্রমণকে সমীহ করে বিশ্বের সব দলই। তবে পাকিস্তানের বোলিং আক্রমণের থেকেও বড় চ্যালেঞ্জ সামলানোর জন্য তৈরি হচ্ছে ভারতীয় শিবির। পাকিস্তানের সামনেও সেই একই চ্যালেঞ্জ।
শুক্রবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দীর্ঘ সময় অনুশীলন করে ভারতীয় দল। কোহলি, সূর্যকুমারকে নেটে ব্যাট করতে দেখা গিয়েছে বেশ কিছুক্ষণ। ব্যাটিং অনুশীলন সেরেছেন রোহিত-সহ দলের অন্য ব্যাটারেরাও। পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বোলারদের বিভিন্ন লেংথে বল করতে বলা হয়। যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিংদের বলের গতি কমাতে এবং বৃদ্ধি করতে দেখা গিয়েছে। কী ধরনের শট মারা উচিত আর কোন শট মারা উচিত নয়, তা নিয়ে আলোচনা হয়েছে ভারতীয় শিবিরে। নিউ ইয়র্কের পিচকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ভারতীয় দল। ভারতীয় দলের প্রধান চিন্তা নিউ ইয়র্কের ২২ গজ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়ের পর তা গোপন করেননি রোহিত। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে তাই পিচের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন কোহলিরা।