রাজশাহীর চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে চাঞ্চল্যকর জালাল হত্যা মামলায় তিন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনাল। ট্রাইবুনাল এবং বিশেষ দায়রা জজ আদালত দুই এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলো চারঘাট থানার অস্কুরপুর গ্রামের মৃত রুস্তাম আলীর ছেলে মিনারুল ইসলাম, এই গ্রামের মকছেদ আলীর ছেলে মোহাম্মদ মাসুদ রানা এবং সাদিপুর গ্রামের ইমরুল কায়েস জুয়েল।
২০২০ সালের ৯ অক্টোবর রাত পোনে আটটার দিকে ভ্যানচালক জালাল উদ্দিনকে দুর্বৃত্তরা গলায় জখম করে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই এর চেষ্টা করে। এ সময় জালাল উদ্দিনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পর জালাল উদ্দিন মারা যান। এ ঘটনায় পরের দিন জালালের ছেলে মানিক চারঘাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান মিঠু। তিনি মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে অস্তোষ্ট প্রকাশ করে আসামী পক্ষ বলেছে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।