রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানী করলে ড. ইউনুসকেও ছাড় দেয়া হবে না : সারজিস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করলে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসকেও ছাড় দেয়া হবে না  বলে  হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক  ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে  জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন।
শেখ মুজিব ভারতের কাছে দেশকে ইজারা দিয়েছিলেন মন্তব্য করে সারজিস আলম বলেন,  এখন যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক  হবে সমতা ও মর্যাদার। ভারত বাংলাদেশের সাথে মর্যাদার সম্পর্ক স্থাপন করতে চাইলে খুনি হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। এদেশের জনগণ তার বিচার করবে।
অনুষ্ঠানে তিনি বলেন, শেখ মুজিব হত্যার বিচারের জন্য তার লাশ যদি কবর থেকে তোলা না লাগে, তাহলে ২৪ এর গণহত্যার বিচারের জন্য শহীদদের লাশ কবর থেকে কেন তুলতে হবে? আর কোন শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেয়া হবে না বলে ািতনি ঘোষণা দেন। শহীদদের হত্যা মামলাগুলোতে বিচারকাজ পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে, তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি।
সারজিস বলেন,  আমরা দালাল নই। ক্ষমতা পিপাসু নই। জুলাই গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি  করলে, এমন কী  প্রফেসর ডক্টর ইউনুসও যদি হয়, তাকেও আমরা ছেড়ে কথা বলবো না।
এর আগে রাজশাহী বিভাগ থেকে আসা শহীদ পরিবারের সদস্যদের কাছে গিয়ে কথা বলেন সারজিকস আলম। পরে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে  রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। রাজশাহী বিভাগের ৬৩ টি শহীদ পরিবারের মধ্যে ৪৬টি পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ ও রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আলমগীর রহমান।


এই বিভাগের আরো খবর