তিনি বলেন, আমরা বাংলাদেশের সরকারকে (অন্তর্বর্তী সরকার) অতীতের ইতিহাস তুলে ধরে কর্ণগোচর করতে চাই, দয়া করে মানুষকে শান্তিতে রাখার ব্যবস্থা করুন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়তে শুরু করেছে, এতে জনগণের মনে কোনও শান্তি নেই। কারণ, আপনাকে (ড. ইউনুস) বসানো হয়েছে বাংলাদেশে একটি নির্বাচন এবং জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে, এমন একটি সরকারের প্রতিনিধি নির্বাচিত হবে, যে প্রতিনিধিরা বাংলাদেশের ১৮ কোটি মানুষকে অতীতের ষড়যন্ত্র থেকে রেহাই দিয়ে, সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবে।
তিনি আরও বলেন, আপনাকে বিগত সরকার অনেক কষ্ট দিয়েছে। আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু, এই কয় মাসের মধ্যে মানুষ আবার বলা শুরু করেছে, আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলছে— যার কারণে আপনার সুনাম নষ্ট হওয়ার পথে। আমি মনে করবো, সবাই যেনো সতর্ক দৃষ্টিতে কথা বলেন। এমন কথা বলবেন না, যে কথার কারণে আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।








