সচিবালয়ের আমলারা কৌশলে দুর্নীতি করে যাচ্ছেন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার সেসব দুর্নীতি বন্ধ করতে পারছে না।’শনিবার (১৮ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপাসনের কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সরকারের ভ্যাট বৃদ্ধি ও বর্তমান অর্থনীতি পরিস্থিতির বিষয়ে কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘যারা দুর্নীতি করেন, তাদের যোগসাজশে…এই সেক্রেটারিয়েট থেকে চিঠি বের করে নেওয়া হচ্ছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা তো বন্ধ করতে পারছে না তারা। কারণ সেক্রেটারিয়েটে পুরান আমলের সব আমলারাই থেকে গেছেন এবং তারা জানে কৌশলে কীভাবে দুর্নীতি করতে হয়। তারা সেই কাজগুলো করে যাচ্ছে সমানে।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া লুটপাটের অর্থনীতিকেই বাস্তবায়নে কাজ করছে। এই সরকারের উচিত ছিল তাদের মেয়াদকাল অনুযায়ী একটা বাজেট নির্ধারণ করা। বর্তমান অর্থনৈতিক সংকট সমাধানে একটি নির্বাচিত সরকার এসে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।