রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

রাজশাহীর সাবেক এমপি কালামের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

রাজশাহীর আলোচিত সমালোচিত সাবেক সাংসদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পৌর মেয়র থাকার সময় পরিবেশ ও জলবায়ু তহবিলের মোটা অংকের অর্থ আত্মসাতের অভিযোগে তাকে আসামী করে মামলাটি দায়ের করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন। মামলায় আবুল কালাম আজাদ ছাড়াও  আসামি করা হয়েছে ঠিকাদার খালেদ মোহাম্মদ সেলিম, তাহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, উপসহকারী প্রকৌশলী জাহিদুল হক।দুদকের রাজশাহী জেলা কার্যালয়ে মামলা দায়েরের পর বিষয়টি নিশ্চিত করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাহেরপুর পৌরসভার মেয়র থাকাকালীন আবুল কালাম আজাদ, ঠিকাদার এবং প্রকৌশলীদের যোগসাজশে  উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাট করেছেন।

দুদক জানায়, পরিবেশ ও জলবায়ু তহবিলের আওতায় ১৩ কোটি টাকার একটি বিশেষ প্রকল্পের অধীনে ৪ কোটি ৯৮ লাখ টাকায় তাহেরপুর পৌরসভায় ৪১৫ মিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ ছিল। কিন্তু তদন্তে দেখা যায়, প্রকল্পে ৪০৫ মিটার কাজ সম্পন্ন হয়, কিন্তু পুরো ৪১৫ মিটারের বিল পরিশোধ করা হয়। এই অতিরিক্ত ৩৩ লাখ ৬৫ হাজার ৬৬১ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

দুদক আরও জানায়, মেয়র থাকাকালীন আদায় করা ভ্যাট ও ট্যাক্সের ৫৫ লাখ ৬ হাজার ৭৮২ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন আবুল কালাম আজাদ। কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের তদন্তে এই অর্থ আত্মসাতের তথ্য প্রমাণিত হয়। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া আবুল কালাম আজাদ বর্তমানে কারাগারে রয়েছেন।


এই বিভাগের আরো খবর