স্ত্রীর দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলায় হয়রানির জেরে অবসাদে আত্মঘাতী হয়েছেন বেঙ্গালুরুর যুবক অতুল সুভাষ। অভিযোগ এমনটাই। তা নিয়ে দেশজোড়া বিতর্কের মাঝে এ বার অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়াকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ! পাশাপাশি, গ্রেফতার হলেন নিকিতার মা নিশা সিংহানিয়া এবং ভাই অনুরাগ সিংহানিয়াও। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে।
অতুল-মামলাকে ঘিরে বিতর্ক শুরু হতেই নড়েচড়ে বসে বেঙ্গালুরু পুলিশ। প্রথমে তিন দিনের মধ্যে উত্তরপ্রদেশের জৌনপুরের বাসিন্দা নিকিতা এবং তাঁর পরিবারকে বেঙ্গালুরুর মারাঠাহল্লি থানায় হাজিরা দিতে বলা হয়। তদন্তের স্বার্থে উত্তরপ্রদেশেও পৌঁছে যায় বেঙ্গালুরু পুলিশের একটি দল। এর পরেই গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানিয়ে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন নিকিতারা। কিন্তু শেষরক্ষা হয়নি। রবিবার ওই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতে পেশ করার পর তাঁদেরকে হেফাজতে নেবে পুলিশ।
