মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি ধ্বংস করতে গিয়ে যুক্তরাষ্ট্র দ্রুত তাদের ইন্টারসেপ্টর (ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ব্যবস্থা) ফুরিয়ে ফেলছে, ওয়াল স্ট্রিট জার্নালের এমন প্রতিবেদনের একদিন পরই ট্রাম্প এই মন্তব্য করলেন।
ট্রাম্প লিখেছেন, আজ আমাকে জানানো হয়েছে যে আমাদের কাছে কার্যত এসব অস্ত্রের সীমাহীন সরবরাহ রয়েছে। শুধু এই মজুত ব্যবহার করেই খুব সফলভাবে অনন্তকাল যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব।
নির্বাচনি প্রচারণার সময় অনির্দিষ্টকালের যুদ্ধে জড়ানোর বিপক্ষে অবস্থান নিলেও, এখন ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প। তিনি আরও বলেন, আমাদের উন্নতমানের ভালো মজুত রয়েছে, তবে আমরা যেখানে পৌঁছাতে চাই ঠিক সেখানে এখনও যেতে পারিনি।
নিজ দেশের বাইরেও বিপুল সমরাস্ত্র মজুত থাকার কথা জানিয়ে ট্রাম্প বলেন, প্রচুর পরিমাণ উচ্চমানের সমরাস্ত্র আমাদের জন্য বাইরের দেশগুলোতেও মজুত রাখা আছে। যুক্তরাষ্ট্র এখন স্বয়ংসম্পূর্ণ এবং বড় জয়ের জন্য প্রস্তুত!







