রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে ৯ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫

গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ শনিবার (২৪ মে) রাতে একটি অভিযান চালায়। ওই অভিযানে নয় জনকে আটক করা হয়। তাদের মধ্যে আট জন বাংলাদেশি ও এক জন ভারতীয়। পুলিশের তথ্য অনুযায়ী, আটক বাংলাদেশিদের মধ্যে রয়েছেন রাজশাহীর মোহাম্মদ রবিউল ইসলাম, খুলনার ইদ্রিস শেখ, ফারজানা খাতুন ও জুলাইকা বিবি, নড়াইলের আনারুল শেখ, সাতক্ষীরার মিলন গাজি ও জেসমিন খাতুন।

এদিকে, কলকাতার কালীঘাট থেকে এক আজাদ শেখ নামের এক ব্যক্তিকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের বরাতে দাবি করা হয়, আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক। পাসপোর্ট বা ভিসা ছাড়াই তিনি প্রায় দু’বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। সম্প্রতি এক সড়ক দুর্ঘটনার জের ধরে পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি।

১৮ মে সকাল সাড়ে ৬টা নাগাদ, কলকাতার সদানন্দ রোডে একটি গাড়ি আচমকা ধাক্কা দেয় নেতাজিনগর থানার এএসআই সুষেণ দাসকে। দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই পুলিশকর্মী। তার বাঁ পা ভেঙে যায়, মুখ ও হাতেও আঘাত লাগে। প্রথমে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়, পরে স্থানান্তর করা হয় অন্য একটি হাসপাতালে।

এই ঘটনায় অভিযুক্ত হন ওই গাড়িতে থাকা আজাদ। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তদন্তের বিবৃতিতে লেখা হয়, অভিযুক্তের বয়স আনুমানিক ৪১ বছর। তিনি নিজেকে উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে দাবি করেছিলেন। কিন্তু পুলিশের হাতে জমা দেওয়া নথিপত্র খতিয়ে দেখা যায়, অধিকাংশই জাল। পরবর্তী সময়ে আরও তদন্তের ভিত্তিতে পুলিশ দাবি করে, আজাদ আসলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে প্রবেশ করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।


এই বিভাগের আরো খবর