সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তথ্যমন্ত্রী তারার বলেন, ‘পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, ভারত পেহেলগাম হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে।’ এ সময় তিনি এই হামলায় পাকিস্তানের জড়িত থাকার ভারতীয় অভিযোগকে ‘একেবারেই ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ’ বলে আখ্যা দেন।
পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান ‘নিরপেক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত কমিশনের মাধ্যমে ঘটনাটির সত্য উদ্ঘাটনের প্রস্তাব দিয়েছে।’ কিন্তু ভারতের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত ভারত যুক্তির পথ পরিত্যাগ করে অযৌক্তিকতা ও সংঘাতের বিপজ্জনক পথ বেছে নিয়েছে, যার পরিণতি গোটা অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘যে কোনো নিরপেক্ষ তদন্ত থেকে পিছু হটাই আসলে ভারতের প্রকৃত অভিপ্রায় উন্মোচিত করে। জনমতকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার বানিয়ে কৌশলগত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’ তারার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব নিশ্চিত ও কঠোরভাবে দেওয়া হবে।
তারার আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেন, ‘এই উত্তেজনার সম্পূর্ণ দায়ভার ও এর ফলাফল ভারতের ওপর বর্তাবে।’ তথ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।