রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনায় আরএমপি’র শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মতিহার থানার শেখ মোহাম্মদ মোবারক পারভেজ।
আরএমপি জানায়, তিনি মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ তার থানা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে আরএমপি’র শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনিত করা হয়।
সোমবার দুপুরে আরএমপি’র পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সভায় মতিহার থানার ওসি শেখ মোহাম্মদ মোবারক পারভেজকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অপরাধ পর্যালোচনা সভায় বরাবরের মত এ মাসেও পুলিশ কমিশনার কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১৩ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।
সভায় পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।#