সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

আল্লাহর আইন ছাড়া শান্তির সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় : জামায়াতের আমির

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর আইন ছাড়া টেকসই ও শান্তির সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই ইসলামী বিধান অনুযায়ী শ্রমিক-মালিক পরস্পরকে হাতে হাত রেখে সমাজ গড়ায় এগিয়ে আসতে হবে।বৃহস্পতিবার (১ মে) দুপুর পৌনে ১২টায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পুরানা পল্টনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের শ্রমিক সংগঠন ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’ এ আয়োজন করে। সকাল ৯টায় শুরু হয়ে সমাবেশ শেষ হয় পৌনে ১২টায়।

নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীদের পছন্দ অনুযায়ী কাজের ব্যবস্থা করা হবে।’ তিনি সাম্যের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান।জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মে দিবসকে ‘শ্রমিক দিবস’ বলার আহ্বান জানান। তিনি বলেন, ‘এতে শ্রমিকরা সন্মানিত হবেন।’

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘ইসলামী আইন চালু করে ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করতে চাই। ৫ আগস্টের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু ইসলাম প্রতিষ্ঠা না হলে ন্যায়বিচার সম্ভব নয়। ৫৪ বছরে মানবরচিত আইনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।’ তিনি আগামী নির্বাচনে ইসলামি আদর্শের লোকদের সংসদে পাঠানোর আহ্বান জানান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শ্রমিকরা প্রমাণ করেছেন, তারা নতুন বাংলাদেশ গ্রহণ করেছেন। এক শ্রেণির শ্রমিক নেতা শ্রমিকদের মধ্যে পাশ্চাত্য মতভেদ ঢুকিয়ে দিয়েছে। তাদের মধ্যে নতুন ধারার সূচনা করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।’ তিনি মালিক-শ্রমিক একে অপরকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিকুর রহমানে পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন– সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।


এই বিভাগের আরো খবর