সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

উপদেষ্টা মাহফুজ আলমের বাবার ওপর হামলা

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা, বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপির একটি অংশই তার ওপর হামলা চালিয়েছে। এতে তিনি হাতে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় মাহফুজ আলমের রামগঞ্জের নিজ গ্রাম নারায়ণপুর মোল্লা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য, বাচ্চু মোল্লা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম গণমাধ্যমে বলেছেন, মেহেদী হাসান মঞ্জু আজ এলাকায় আসলে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দুই গ্রুপ যায় তাকে ধরতে। এক পর্যায়ে কে আগে ধরবে- সেটাকে কেন্দ্র করে ছাত্রদল-ম্বেচ্ছাসবেক দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এই সংঘর্ষ থামাতে গিয়ে গ্রামবাসীও এতে জড়িয়ে পড়ে। তিনি বলেন, ‘আমার আব্বু (বাচ্চু মোল্লা) এই ত্রিমুখী সংঘর্ষ থামাতে গেলে তার ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করা হয়।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুটি পক্ষ ঝামেলায় জড়ায়। তখন তিনি উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করে। হাতে আঘাত পেলে তাকে হাসপাতাল নিয়ে চিকিৎসা করানো হয়। তিনি সাংবাদিকদের আরও বলেন, ‘আমি হাসপাতাল গিয়েছি। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তবে থানায় কেউ কোনও অভিযোগ দেয়নি।’

হামলার অভিযোগের বিষয়ে ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অলিউল্লাহ বলেন, ঘটনাটি শুনেছি। আমি এলাকায় নেই। এক ছাত্রলীগ নেতাকে ঘিরে এ ঘটনা ঘটেছে। তবে এ হামলায় যারাই জড়িত হোক অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর