প্রথম দিনে দু’টি সেশনেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। শেষ সেশনে অস্ট্রেলিয়া ৮৬ রান করে মাত্র একটি উইকেট হারিয়ে। ভারতীয় বোলারদের জীবন কঠিন করে তুলেছিলেন মার্নাস লাবুশেন এবং নাথান ম্যাকসুইনি। বিরক্তি চেপে রাখতে পারেননি মহম্মদ সিরাজ। তিনি বার বার মেজাজ হারাচ্ছিলেন। সেই সময় একটি ভুল করেন তিনি। যার জন্য শাস্তির মুখে পড়তে পারেন ভারতীয় পেসার। দ্বিতীয় দিনেও ট্রেভিস হেডের সঙ্গে লেগে গেল তাঁর।
অস্ট্রেলিয়ার ইনিংসের ২৫তম ওভারে এক জন দর্শক প্রচুর বিয়ার গ্লাস নিয়ে যাচ্ছিলেন। যা ব্যাটারের মনঃসংযোগ নষ্ট করে। লাবুশেন ব্যাট করছিলেন সেই সময়। তিনি স্বাভাবিক ভাবেই দাঁড়িয়ে যান। সিরাজকে দাঁড়াতে বলেন। তাতেই রেগে যান ভারতীয় পেসার। তিনি লাবুশেনের দিকের উইকেটে বল ছুড়ে দেন। আইসিসির নিয়ম অনুযায়ী এমনটা করলে শাস্তি পেতে হবে।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে ৩৩২ রান তুলেছে। ভারতের থেকে ১৫২ রানে এগিয়ে রয়েছে তারা। দু’টি সেশনের খেলা শেষ হয়েছে। দ্বিতীয় দিনে আর একটি সেশনের খেলা বাকি।