শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সাকিব আল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের বাইরে। নিউ ইয়র্ক তার আবাসস্থল। সেখান থেকে দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেও পরিস্থিতি এখনও তার আয়ত্তে নেই। এ নিয়ে ভারতের গণমাধ্যম স্পোর্টস্টাসের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে দেশে ফেরার সময়ক্ষণ নিয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বাংলাদেশের পরিস্থিতি ও দলে ফেরা নিয়ে সাকিব বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ করেই বদলে যেতে পারে। কাল কী হবে তা আপনি কখনোই বলতে পারবেন না, আর সে কারণেই আমি এখনও আশাবাদী। কী হবে তা নিয়ে আমি খুব বেশি ভাবি না। প্রতিদিন আমি আমার পরিবারকে নিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যখনই খেলার সুযোগ পাচ্ছি, সেই সুযোগ কাজে লাগাচ্ছি। তবে বাংলাদেশ দলে ফেরার বিষয়টি আমার নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করি না। কিন্তু আমি একটি সমাধান খোঁজার চেষ্টা করছি।’

খেলা থেকে বিদায় প্রসঙ্গে সাকিব বলেন, ‘এমন নয় যে আমি শুধু আর একটি ম্যাচ খেলে বিদায় নিতে চাই। আমি এখনও শারীরিকভাবে ফিট এবং বিশ্বাস করি, আমার এখনও দেওয়ার মতো অনেক কিছু আছে। উপরওয়ালার অশেষ কৃপায় সাম্প্রতিক ম্যাচগুলোতে আমি ভালো পারফর্ম করেছি, তাই সেই আত্মবিশ্বাসটা এখনও আছে।’

এরপরই তার কথা, ‘আমি এমন অবস্থানে থাকতে চাই না যেখানে শুধু একটি বিদায়ী ম্যাচের সৌজন্যে দলের ওপর বোঝা হয়ে দাঁড়াবো। যতক্ষণ আমি অনুভব করবো যে আমি অবদান রাখছি, ততক্ষণ খেলা চালিয়ে যেতে চাই। আমার বিশ্বাস, আমার ভেতরে এখনও সেই সামর্থ্য আছে। পুরো ফিটনেস ফিরে পেতে আমার হয়তো এক মাসের মতো সময় লাগবে। তবে হ্যাঁ, ঘরের মাঠে আবারও খেলার সেই ইচ্ছে সব সময়ই থাকবে।’


এই বিভাগের আরো খবর