কানপুরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলো। ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতীয় সমর্থকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের টাইগার রবি। নিরাপত্তাকর্মীরা তাকে নিকটস্থ রিজেন্সি হাসপাতালে নিয়ে গেছে বলে গণমাধ্যমের খবর। যদিও কোনও ধরনের হামলা হওয়ার কথা অস্বীকার করেছেন পুলিশ।
শুক্রবার ম্যাচ চলাকালে হঠাৎ গ্যালারিতে হৈ-হুল্লোড় শোনা যায়। তারপর বাংলাদেশি ক্রিকেট ভক্ত টাইগার রবিকে দ্রুত হাসপাতালে নিতে দেখা যায়। তিনি দাবি করেন, তার পিঠে ও তলপেটে আঘাত করা হয়েছে।
স্পোর্টস্টার জানিয়েছে, ভেন্যুতে নিযুক্ত স্থানীয় পুলিশ হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশ জানান, সি ব্লকের প্রবেশদ্বারে এক ভক্তকে দেখা যায়, নিশ্বাস নিতে ও কথা বলতে কষ্ট হচ্ছে। পুলিশ সূত্রের দাবি, সমর্থকদের সঙ্গে মারামারি নয়, পানিশূন্যতায় এই অবস্থা হয়েছে তার।