শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

চটজলদি বানিয়ে নিন ডালের স্যান্ডউইচ

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সকালে চোখ খুলেই ছুটতে হবে কাজে। খেয়ে বেরোনোর মতো সময় নেই। কারণ, খাবার বানানোর সময় নেই। রোজ এ ভাবেই না খেয়ে বেরিয়ে যান? তার চেয়ে বরং সহজ পন্থা খুঁজে বার করুন। রান্নাবান্না করা বা গ্যাস জ্বালানোর প্রয়োজন নেই। নামমাত্র উপকরণ কেটেকুটে নিলে আর ঘরে স্যান্ডউইচ বানানোর যন্ত্র থাকলেই যথেষ্ট। তার উপরে মাইক্রোওয়েভ অভেন থাকলে তো সোনায় সোহাগা। তা দিয়ে বানিয়ে নিতে পারেন ডালের স্যান্ডউইচ।

অধিকাংশ বাড়িতেই ডাল রান্না হয়। আর অধিকাংশ সময়েই তা এক দিনে শেষ হয় না। ফলে মাইক্রোওয়েভে একটু ডাল গরম করে নিলেই হবে। তবে মাথায় রাখতে হবে, ডাল যেন ঘন বা শুষ্ক হয়, জলীয় ভাব কম থাকে তাতে। নয়তো গ্যাস জ্বালিয়ে আঁচে রেখে ডাল একটু শুকিয়ে নিতে হবে। এ বার বানিয়ে নিন ডালের স্যান্ডউইচ।

উপকরণ

আধ কাপ পেঁয়াজ (মিহি করে কাটা)

আধ কাপ টম্যাটোকুচি

আধ কাপ শসাকুচি

আধ কাপ গ্রেট করা চিজ়

আধ টেবিলচামচ চিলি ফ্লেক্স

১ চা-চামচ অরিগ্যানো

১ টেবিলচামচ মাখন

আগের রাতে পড়ে থাকা ডাল

২-৪ টুকরো পাউরুটি

প্রণালী

এক টুকরো পাউরুটির উপর শুষ্ক এবং ঘন ডাল মাখিয়ে দিন ভাল করে।

তার উপর একে একে পেঁয়াজ, টম্যাটো এবং শসাকুচি দিয়ে দিন।

এ বার গ্রেট করা রাখা চিজ় তার উপরে ছড়িয়ে দিন। শেষে ছড়িয়ে দিন অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স।

অন্য দিকে আর একটি পাউরুটিতে মাখন মাখিয়ে অন্য টুকরোর উপরে রাখুন।

এ বার স্যান্ডউইচ মেকারে ভরে খানিকক্ষণ সেঁকে নিন। সময়মতো বার করে নিতে হবে।

এ বার গরম গরম ডালের স্যান্ডউইচ খেয়ে নিন তৃপ্তি করে। পেটও ভরবে, খাটনিও কম।


এই বিভাগের আরো খবর