পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘এটি নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। আলোচনা হচ্ছে মূলত দেশটির তিনটির নামের কারণে। এছাড়া বাকি বিষয় নিয়ে জল্পনার কোনও সুযোগ নেই।’
চীন দাবি করছে, ‘ত্রিপক্ষীয় সহযোগিতা’ এবং পাকিস্তান দাবি করেছে ‘ত্রিপক্ষীয় মেকানিজম’। বাংলাদেশ দুটোই অস্বীকার করে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আসলে কোনোটাই অস্বীকার করার প্রয়োজন নেই। এর থেকে বোঝা যায়—এটি কোনও কাঠামোগত বিষয় ছিল না। প্রত্যেকেই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখেছে। আমরাও সেটিই করেছি। ভবিষ্যতে যদি কোনও অগ্রগতি হয়, তখন আপনারা জানতে পারবেন। যদি কাঠামোগতভাবে কিছু হয়, তাও সময় মতো জানানো হবে।’
যুক্তরাজ্য সফর
সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক না হওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অফিসিয়াল সফর হিসেবে যুক্তরাজ্যের পক্ষ থেকে বলার পরই আমরা নিশ্চিত করেছি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক কেন হয়নি, আমি ঠিক এ মুহূর্তে তা বলতে পারবো না। কারণ আমি সেখানে ছিলাম না। যারা ছিলেন তারা হয়তো আরও ভালো বলতে পারবেন। তবে বাস্তবতা হচ্ছে বৈঠকটি হয়নি।’বৈঠক না হওয়ার দায় কে নেবে, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আমরা দেখি এর দায় কেউ নেয় কিনা। তবে সফরটি ছিল অফিসিয়াল, সেটি বলাও ছিল। প্রত্যাশা ছিল যে বৈঠকটি হবে।’






