মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

জাতীয় সংগীত পরিবর্তন হবে না ॥ পূজায় মন্দির পাহাড়ায় থাকবে মাদরাসা ছাত্র : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

বিতর্কের সৃষ্টি করে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করবে না অন্তবর্তীকালীন সরকার। সম্প্রতি দেশে জাতীয় সংগীত পরিবর্তনের আলোচনা প্রসঙ্গে শনিবার রাজশাহীতে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন একথা বলেন। তিনি বলেন, এগুলো যারা করছে তারা বিতর্ক সৃষ্টির জন্য করছে। প্রধান উপদেষ্টার নির্দেশ এমন কোন কাজ করা যাবে না যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তিন দিনের সফরে তিনি রাজশাহীতে অবস্থান করছেন। সরকারি সফরে তিনি মাদ্রাসা ও মন্দির পরিদর্শন সহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনায় যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। সকল ধর্ম বর্ণের মানুষদের নিয়েই এ দেশ গঠিত উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদেরকে পূজার সাথে সম্পৃক্ত করে মন্দির পাহারা দেয়া হবে। স্থানীয় প্রশাসনকে এ নিয়ে দিকনির্দেশনা দেয়া হয়েছে।
পরে রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে উলামা মাশায়েখ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ধর্মের নেতৃবৃন্দের সাথে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠান হয়। বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মতবিনিময় সভায় জেলার সব ধর্মের নেতৃবৃন্দের সাথে ধর্ম উপদেষ্টা মতবিনিময় সভা করেন। সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এসময় ইমাম প্রশিক্ষন একাডেমির সহকারী পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা জামাল উদ্দিন সন্দীপী।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক আনিসুজ্জামান সিকদার। এছাড়াও আরো বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এফ.এম.এ এইচ তাকি, ঐতিহাসিক বৌদ্ধ বিহার পাথরঘাটর অধ্যক্ষ সুশীল প্রিয়াভক্ষু, দারুল আরকাম শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আল আমিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহীর সভাপতি ড. মুহাম্মদ কাওসার হুসাইন, ওলামা মাশায়েখ বিভাগ রাজশাহীর সভাপতি মাওলানা রুহুল আমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান ড. মোঃ নিজাম উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, রামকৃষ্ণ মিশন আশ্রম রাজশাহীর পুরোহিত অরুন কুমার সত্য, খ্রীষ্টধর্মের প্রতিনিধি ক্যাথলিক ধর্মযাজক ফাদার প্যাট্রিত গোমেজ। এর আগে, পবা উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে পবা উপজেলার ডাঙ্গীপাড়া এলাকায় অবস্থিত আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ মাদ্রাসা ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী পরিদর্শন ও মতবিনিময় সভা করেন।

 


এই বিভাগের আরো খবর