বুধবার (২৫ জুন) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ‘জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আজ একটি সংবাদ পড়ে একদিকে যেমন বেদনার্ত হয়েছি, অন্যদিকে আশাবাদী হয়ে উঠেছি– অনেক পুলিশ কর্মকর্তাকে গুম করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল; তার মধ্যে অনেকেই অস্বীকার করেছেন এবং যারা অস্বীকার করেছেন তাদের নামসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর বাসভবনে এ ধরনের নথিও পাওয়া গেছে। আর যারা রাজি হয়েছেন তারা তো গুম-খুন করেছেন। যারা শেখ হাসিনার আস্থাভাজন, তার নৈকট্য লাভের জন্য তারা কাজ করেছেন। এর মধ্যেও কিছু কিছু পুলিশ অফিসার অস্বীকার করেছেন, তাদের ডিপার্টমেন্টের পুরস্কৃত করা উচিত। কারণ তারা শেখ হাসিনার হিংস্রতার মধ্যেও গুম করতে অস্বীকার করেছেন। আমরা যতটুকু জেনেছি তাতেই আমাদের রক্ত হিম হয়ে যায়।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত নানাভাবে নানা কারণে ১৭৭ জন মানুষের হত্যাকাণ্ড ঘটেছে। যারাই এসব হত্যার সঙ্গে জড়িত, তারা যে দলেরই হোক, যে মতেরই হোক সরকারের উচিত আইনের মাধ্যমে বিচার করা। সরকার আইনশৃঙ্খলা দেখবে কোনও পার্টির রং দেখবে না। কে ক্ষমতাশালী, কে ক্ষমতাশালী নয়; কে ধনী, কে গরিব এটা বিবেচনা করবে না। তাদের উচিত কারা অপরাধ করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় বিচার করবে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে। আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন, যাতে নির্বাচিত সরকার এলে আপনাদের ভালো দৃষ্টান্তগুলো চিহ্নিত করে আরও ভালো কিছু করার চেষ্টা করে। কেন এই সময়ে এসে এত খুন-জখম হবে, কেন এত ডাকাতি, চুরি, হত্যাকাণ্ড ঘটবে– এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি তৎপর হতে হবে। বলা হচ্ছে, পুলিশের মধ্যে এখনও আস্থা ফিরে আসেনি। কেন আস্থা ফিরবে না?’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট, প্রথমেই জাতীয় নির্বাচন হতে হবে। একটি নির্বাচিত সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন হয় সে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়বে। যারা নির্বাচিত হবেন তারা দেখাবেন, নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে। ১৬-১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, সেই কারণে জাতীয় নির্বাচন আগে হওয়া বাঞ্ছনীয়। এ বিষয়ে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট।
আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে সাংবাদিক জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় এ সময় সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফউদ্দিন বকুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।







