টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল। আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’
দলের ভালোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে শান্ত বলেন, ‘আমি সবাইকে ক্লিয়ারলি মেসেজ দিতে চাই যে, এটা কোনো পারসোনাল (ব্যক্তিগত) কিছু না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মত হলো তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। গোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।’

পরে এক প্রশ্নের জবাবে টাইগার এই ব্যাটার বলেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে বেশ কয়েকদিন আগেই এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন।
অবশ্য বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে বলেছিলেন, শান্তর অধিনায়কত্ব (ওয়ানডে) কেড়ে নেওয়া হয়নি। বরং বোর্ডের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি শান্ত নিজেও খেলোয়াড়সুলভ মানসিকতায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে উল্লেখ করেন বোর্ড সভাপতি।
২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে সাদা পোশাকে নেতৃত্বে অভিষেক হয় শান্তর। সর্বশেষ কলম্বো টেস্টসহ ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তার নেতৃত্বে বাংলাদেশ চারটি জয় পেয়েছে। জয়ের সাফল্যে তিনি বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক।