চিকিৎসক তপোব্রত রায়ের গ্রেফতারি নিয়ে টানাপড়েন অব্যাহত। তাঁর সহকর্মীদের দাবি, তপোব্রতের আইনি সহায়তার ব্যবস্থা করতে হবে কলকাতা পুরসভাকে। কারণ, তিনি কলকাতা পুরসভারই কর্মী এবং কর্তব্যরত অবস্থায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সূত্রের খবর, ঘটনার পরে মেয়র এবং ডেপুটি মেয়রের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে পুরসভার তরফে এখনও এ বিষয়ে কোনও পদক্ষেপের ইঙ্গিত মেলেনি।
চিকিৎসকদের একাংশের বক্তব্য, তাঁদের দাবিদাওয়া সংক্রান্ত বিষয়ে কোনও হেলদোল নেই কলকাতা পুরসভার। বুধবার লক্ষ্ণীপুজোর দিন কলকাতা পুরসভার দফতরে এসে স্বাস্থ্য আধিকারিকের কাছে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকেরা। মঙ্গলবার রেড রোডের কার্নিভালের অনুষ্ঠান থেকে পুরসভার চিকিৎসক তপোব্রত রায়কে আটক করে কলকাতা পুলিশ। পরে গ্রেফতার করা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। এই ঘটনায় পুরসভায় কর্মরত চিকিৎসকেরা ক্ষোভে ফুঁসে ওঠেন। পরদিনই পুরসভার স্বাস্থ্য আধিকারিকের কাছে বেশ কিছু দাবি জানান তাঁরা।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে রেড রোডের দুর্গাপুজোর কার্নিভালে কর্মরত ছিল কলকাতা পুরসভার একটি মেডিক্যাল দল। সেই দলেই ছিলেন পুরসভার চিকিৎসক তপোব্রত। তাঁর শার্টে লাগানো ব্যাজে লেখা ছিল ‘প্রতীকী অনশনকারী’। অভিযোগ, সেই কারণে তাঁকে আটক করে ময়দান থানার পুলিশ। নিয়ে যাওয়া হয় ময়দান থানায়। পরে তিনি গ্রেফতারও হন। খবর ছড়িয়ে পড়া মাত্রই ময়দান থানার সামনে বিক্ষোভকারীদের ভিড় জমতে শুরু করে। ঘণ্টা চারেক পর ব্যক্তিগত বন্ডে জামিন পান ধৃত চিকিৎসক। পরদিনই কলকাতা পুরসভায় কর্মরত চিকিৎসকেরা প্রতিবাদ জানিয়ে পুর প্রশাসনকে চাপে ফেলার কৌশল নিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কলকাতা পুলিশের বিরুদ্ধে কোনও পদক্ষেপের আভাস পুরসভা সূত্রে মেলেনি।