ম্যাচে এখনও তিন দিন বাকি থাকায় ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছেন ওয়েবস্টার। তিনি বলেন, ‘এখানে এখনও তিন দিনের খেলা বাকি এবং দেড় দিনের মতো ভালো ব্যাটিং এবং মোটামুটি ভালো গতিতে করতে পারি, তাহলে আমরা আবার এই প্রতিযোগিতায় ফিরে আসতে পারব। টেস্ট ম্যাচে ক্ষয় হওয়া উইকেটে শেষে ব্যাট করা কঠিন হতে পারে, যদি লক্ষ্যটা ছোট হয়। তাই ম্যাচ জেতার জন্য এটাই আমাদের স্পষ্ট পথ।’
বাংলাদেশের দীর্ঘ ব্যাটিংয়ের সময় অস্ট্রেলিয়ার বোলারদের ধৈর্যেরও পরীক্ষা হয়েছে। গরমের মধ্যে পুরো দিন বোলিং করাকে কঠিন স্বীকার করে ওয়েবস্টার বলেন, ‘এটা কঠিন। সেখানে খুব গরম ছিল। দিনের শেষে আমি ও কেজ (অ্যালেক্স ক্যারি) কথা বলছিলাম, দুজনেরই মনে হয়েছে দিনটা অনেক লম্বা ছিল। তারা ইনিংসের গতি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে।’
বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তারা আজ সকালে দারুণ ব্যাটিং করেছে, যখন উইকেটে সম্ভবত কিছুটা সহায়তা ছিল, এরপর দুপুরেও সেটি ধরে রেখেছে। তারা স্পিন ভালো খেলেছে, কখনো আক্রমণ করেছে, আবার কখনো চাপ সামলেছে।’
পঞ্চম দিনে গড়াতে পারে ম্যাচ এমন সম্ভাবনাও দেখছেন ওয়েবস্টার। ‘অবশ্যই। কেন পাঁচ দিনে যেতে পারবে না, তার কোনো কারণ দেখি না। আমাদের ব্যাটিং বিভাগকে দায়িত্ব নিতে হবে। প্রথম দিনে আমাদের ব্যাটিং নিয়ে কিছুটা হতাশা ছিল। তাই তাদের মতো দীর্ঘ সময় ব্যাট করতে হবে এবং স্কোরবোর্ড সচল রেখে আবার চাপ ফিরিয়ে দিতে হবে।’








