রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

তাইজুল-নাঈমের আঘাতে দুই ওপেনারের বিদায়

স্পোর্টস ডেস্ক :
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫

৩ বলের মধ্যে ২ রানের ব্যবধানে দুই ওপেনার লাহিরু উদারা ও পাথুম নিসাঙ্কা আউট হলেন। ষষ্ঠ ওভারে তাইজুল ইসলামের বলে ৯ রানে স্টাম্পিং হন উদারা। পরের ওভারে নাঈম হাসান দ্বিতীয় বলে নিসাঙ্কাকে (২৪) নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান। ৩২ রানে ওপেনিং জুটি ভাঙার পর ৩৪ রানে দ্বিতীয় উইকেট হারালো শ্রীলঙ্কা।

শান্তর সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ২৯৬ রানের লক্ষ্য বাংলাদেশের

টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির কিছুক্ষণ পরে বাংলাদেশের ইনিংস ঘোষণা করেছেন নাজমুল হোসেন শান্ত। ৬ উইকেটে ২৮৫ রানের পর এই সিদ্ধান্ত নেন অধিনায়ক। সফরকারীদের লিড ২৯৫ রানের। স্বাগতিকদের ২৯৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

১৯০ বলে শতকের পর তিন ছক্কা মারেন শান্ত। তার ১৯৯ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংসে ছিল ৯ চার ও ৩ ছয়। খেলার আর বাকি ৩৭ ওভার। নাঈম ৭ রানে অপরাজিত ছিলেন।

গলে শান্তর টানা দ্বিতীয় সেঞ্চুরি

প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে এলিট লিস্টে নাম লেখালেন তিনি। অধিনায়ক হিসেবে মাত্র ১৬তম ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়লেন শান্ত। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

৮৫তম ওভারে থারিন্দুর বলে সিঙ্গেল নেন শান্ত। ১৯০ বলে করেন সেঞ্চুরি।

জাকেরও থারিন্দুর শিকার

থারিন্দু রত্নায়েকে টানা দ্বিতীয় ওভারে উইকেট পেলেন। লিটন দাসের পর জাকের আলীকে ফেরালেন লঙ্কান স্পিনার। ৭ বলে ২ রানে স্টাম্পিং হন তিনি। ২৪৯ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ।

তিন ঘণ্টা পর খেলার শুরুতেই লিটন আউট, জীবন পেলেন শান্ত

বৃষ্টিতে তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবার মাঠে গড়ালো। নতুন ব্যাটার লিটন দাস ৫ বলে ৩ রান করে থারিন্ডু রত্নায়েকের বলে বোল্ড হলেন। দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে ৫ উইকেট হারালো বাংলাদেশ।

পরের ওভারের প্রথম বলে নাজমুল হোসেন শান্ত জীবন পান। স্কয়ার লেগে ডানদিকে ঝাঁপিয়ে লাহিরু উদারা বল ধরতে তো পারেনইনি, আঙুলে ব্যথা পেয়েছেন।

ফিফটির জন্য সিঙ্গেল নিতে গিয়ে রানআউট মুশফিক, বৃষ্টিতে বন্ধ খেলা

৭৬তম ওভারে প্রবাথ জয়াসুরিয়ার শেষ বলে সিঙ্গেল নিলেন ঝুঁকি নিয়ে। মিড অন থেকে থারিন্দু রত্নায়েকের সরাসরি থ্রোতে স্টাম্প গেলো ভেঙে। অনফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ারের দ্বারস্থ হন। বল যখন স্টাম্প ছুঁয়েছে, তখন সামান্য দূরে ছিল মুশফিকের ব্যাট। দুর্ভাগ্যজনকভাবে আউট হন বাংলাদেশি ব্যাটার। ১০২ বলে চারটি চারে ৪৯ রান তার। দলীয় ২৩৭ রানে চার উইকেট পড়লো বাংলাদেশের। তার আউটের পর বৃষ্টিতে খেলা থেমে গেছে। শান্তর সঙ্গে ১৯১ বলে ১০৯ রানের জুটি তার।

শান্ত-মুশফিক জুটির সেঞ্চুরি

গল টেস্টের দ্বিতীয় ইনিংসেও মুশফিক ও শান্তর জুটি তিন অঙ্কের ঘরে পৌঁছেছে। ১৬৭ বলে তাদের জুটি সেঞ্চুরি করেছে। ৭২ ওভারে ৩ উইকেটে ২২৮ রান বাংলাদেশের, লিড ২৩৮ রানের। ৪৬ রানে মুশফিক ও ৮৩ রানে শান্ত অপরাজিত খেলছেন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দুইশ

৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম শেষ দিন ব্যাটিংয়ে নামেন। দলের স্কোর ছিল ৩ উইকেটে ১৭৭ রান। দুজনের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দুইশ করেছে। ৬৪তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে দলকে দুইশর ঘরে নেন মুশফিক।

জয়ের বিশ্বাস নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কা চায় সকালের সেশনে তাড়াতাড়ি বাংলাদেশকে গুটিয়ে দিয়ে ম্যাচ জিততে। আর বাংলাদেশের বিশ্বাস, বড় সংগ্রহ করতে পারলে ম্যাচ জেতা সম্ভব। এখনও একটি দলেরই দ্বিতীয় ইনিংস শেষ হয়নি। বাংলাদেশ ১৭৭ রান করেছে ৩ উইকেট হারিয়ে। ম্যাচের অবস্থা বলছে, ড্র হওয়ার সম্ভাবনা বেশি। তবে নিজেদের দিনে দুই দলই যে কোনও কিছু করতে পারে। ৫৬ রানে শান্ত ও মুশফিক ২২ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ ১৮৭ রানের লিড নিয়েছে। হাতে আছে আরও সাত উইকেট। শেষ দিনের প্রথম সেশনে দ্রুত আরও রান তুলতে পারলে বাংলাদেশের জেতার সুযোগ আছে মনে করেন নাঈম, ‘হ্যাঁ, অবশ্যই আমাদের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে। আমরা যদি খুব ভালো একটা টোটাল করি এবং এরপর যদি ছাড়ি…। ইনশাআল্লাহ, পঞ্চম দিনের উইকেটে অনেক কিছু হয়। জেতার সুযোগ আছে।’

ডানহাতি এই অফ স্পিনার আরও যোগ করেন, ‘দেখুন, আসলে পঞ্চম দিনে অনেক কিছু হয় উইকেটে। যদি আমরা ভালো টোটাল দিতে পারি, তখন ওরা চাপে থাকবে। যখন আপনার নরমাল ক্রিকেট খেলা এক জিনিস আর চাপে থেকে খেলা অন্য জিনিস। তখন ওদের ম্যাচ হারানোর ভয় থাকবে। তো অনেক কিছু করা সম্ভব। যদি আমরা ইনশাআল্লাহ্‌ ভালো টোটাল দিই, আমাদের জন্য ভালো।’

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে ৩৪/২ (ম্যাথুজ ০*, চান্ডিমাল ০*, নিসাঙ্কা ২৪, উদারা ৯)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৮৭ ওভারে ২৮৫/৬, ডিক্লে. (শান্ত ১২৫*, নাঈম ৭*, জাকের ০, লিটন ৩, মুশফিক ৪৯, সাদমান ৭৬, এনামুল ৪, মুমিনুল ১৪)

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৩১.২ ওভারে ৪৮৫/১০ (প্রবাথ ১১*; উদারা ২৯, চান্ডিমাল ৫৪, ম্যাথুজ ৩৯, নিসাঙ্কা ১৮৭, ডি সিলভা ১৯, কুশল ৫, মিলান ৩৯, কামিন্দু ৮৭, থারিন্দু ০, আসিথা ৪)

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫৩.৪ ওভারে ৪৯৫/১০ (হাসান ৭*; তাইজুল ৭, জাকের ৮, নাঈম ১০, লিটন ৯০, এনামুল ০, সাদমান ১৪, মুমিনুল ২৯, শান্ত ১৪৮, মুশফিক ১৬৩, নাহিদ ০)


এই বিভাগের আরো খবর