রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

তিন দিনে রেমিট্যান্স এলো ৭ হাজার কোটি টাকার বেশি

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, শুধু ৩ জুনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৬৫ মিলিয়ন ডলার। কোরবানির ঈদ সামনে থাকায় প্রবাসীরা পশু কেনা, পোশাক, উপহার এবং পারিবারিক খরচের জন্য স্বজনদের কাছে অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন। ফলে জুনের শুরুতেই প্রবাসী আয়ের জোয়ার দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই প্রবাহ কেবল ঈদকেন্দ্রিক নয়; বরং সরকারের প্রণোদনা, বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহ এবং হুন্ডি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ফলেই ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

এর আগে, সদ্য সমাপ্ত মে মাসেও দেশে এসেছে ২৯৭ কোটি মার্কিন ডলার (২ দশমিক ৯৭ বিলিয়ন), যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স। টাকায় যার পরিমাণ প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। অর্থাৎ মে ও জুনের প্রথম সপ্তাহ মিলিয়ে রেমিট্যান্স প্রবাহে নতুন একটি উচ্চতা স্পষ্ট হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে টানা প্রতি মাসেই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসছে। চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত (১১ মাসে) দেশে রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৫০৭ মিলিয়ন মার্কিন ডলার (২৭ দশমিক ৫০৭ বিলিয়ন), যেখানে আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২১ হাজার ৩৭৪ মিলিয়ন (২১ দশমিক ৩৭৪ বিলিয়ন) ডলার।

অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৬১৩৩ মিলিয়ন বা ৬ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।


এই বিভাগের আরো খবর