সাকিব আল হাসানকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। বৃহস্পতিবার রাতে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ঘরের মাঠে তার বিদায়ী টেস্ট খেলা বোধহয় হচ্ছে না। বাংলা ট্রিবিউনকে সাকিব আল হাসান বলেছেন, ঠিক এমন পরিস্থিতিতে দেশে আসা হচ্ছে না তার। দেশে আসা নিয়ে প্রশ্ন করা হলে শুধু বলেছেন, ‘মনে হয় আসা হচ্ছে না।’
তিনি ধোঁয়াশা রেখে দিলেও ঠিক এই মুহূর্তে দেশে আসা নিয়ে এটিই সাকিব আল হাসানের অবস্থান। তার উত্তরে হয়তো কিছুটা শঙ্কা বা সংশয় থাকতে পারে। তবে এই মুহূর্তে সাকিব যে ফিরছেন না সেটি নিশ্চিত। মানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের দুই টেস্টের একটিতেও হয়তো খেলা হচ্ছে না। যদিও এ ব্যাপারে বিসিবির কাছ থেকে কিছু জানা যায়নি। নাটকীয় কোন কিছু না হলে সাকিবের শেষ টেস্ট ম্যাচটা কানপুরেই হয়ে থাকছে। কানপুর টেস্ট শুরুর আগের দিনই সাকিব ঘোষণা দিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান।
সাকিবের বিদায়ী টেস্টকে কেন্দ্র করে পরিবারের উদ্যোগে এক হাজার টি শার্ট তৈরি করা হয়েছিল সমর্থকদের জন্য। এছাড়া ব্যানারও তৈরি করা হচ্ছিল। সাকিব যদি শেষ পর্যন্ত নাই আসেন, তাহলে সব আয়োজন বাতিল করে দেবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। খেলার পাশাপাশি সাকিব আল হাসান জড়িয়ে পড়েছিলেন রাজনীতিতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। যার কারণে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয় শঙ্কা। জন্ম দিয়েছে নানা প্রশ্নের। তারপরও সব কিছু তৈরিই ছিল। সাকিবকে রেখেই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল।