রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

গত কয়েকদিন ধরে রাজধানীজুড়ে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যমতে, ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ঢাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ও গত দুই দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগ ঘটেছে। এসব ঘটনায় ১৭টি মামলা দায়ের ও ৫০ জন গ্রেফতার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত ১২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে ময়মনসিংহের ফুলবাড়ি এলাকায় আলম পরিবহন নামে একটি বাসে আগুনের ঘটনায় ঘুমন্ত অবস্থায় এক হেলপারের মৃত্যু হয়েছে।

রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও সোনারগাঁও জনপদ, ধানমন্ডি সায়েন্সল্যাব, মিরপুর, বাড্ডা ও বসুন্ধরার ১০০ ফিট এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যদিও ঢাকার এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

নাশকতা ঠেকাতে নগরীতে চলছে র‌্যাবের তল্লাশি, ছবি: বাংলা ট্রিবিউনএর আগে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হন। মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একইভাবে ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একইদিন ভোরে মোহাম্মদপুরে সরকারের একজন উপদ্ষ্টোর ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া মঙ্গলবার মধ্যরাতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের গেটে দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।ডিএমপি জানায়, রাজধানীতে নাশকতার অভিযোগে গত তিনদিনে ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তারা ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে টাকার বিনিময়ে ঢাকার নাশকতার করার চেষ্টা করছে দাবি পুলিশের।

গাড়ি তল্লাশি করছেন র‌্যাব সদস্যরা, ছবি: বাংলা ট্রিবিউন

মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের বলেন, ‘‘কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে চোরাগুপ্তা মিছিল ও নাশকতার অপচেষ্টা করছে। অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১৪টি ঝটিকা মিছিল হয়েছে এবং ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।’’কমিশনার বলেন, “এদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছে। টাকার বিনিময়ে তারা মিছিলে অংশ নেয়, তারপর ঢাকার বাইরে চলে যায়।’’তিনি আরও জানান, এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। অল্পবয়সী তরুণদের হেলমেট ও মাস্ক পরিয়ে ককটেল বিস্ফোরণের কাজে ব্যবহার করা হচ্ছে।

হ্যান্ড মাইকে জনগণকে সতর্ক করছে টহল পুলিশ, ছবি: বাংলা ট্রিবিউন

রায় ঘোষণার দিন ঘিরে বাড়তি সতর্কতা

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হতে পারে। পুলিশ বলছে, ওই দিন আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত করতে নিষিদ্ধ আওয়ামী লীগ সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি দিয়েছে।এরই ধারাবাহিকতায় রাজধানীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটছে। নাশকতা ঠেকাতে হোটেল, মেস ও গেস্টহাউজে নজরদারি বাড়ানো হয়েছে এবং কোনও আগন্তুককে আশ্রয় দেওয়ার আগে পরিচয় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

কঠোর অবস্থানে ডিবি, সোশ্যাল মিডিয়ায় নজরদারি

রাজধানীতে সাম্প্রতিক সহিংসতা, বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো ও উসকানিমূলক প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (১২ নভেম্বর) মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, “যারা ভীতি সৃষ্টির চেষ্টা করছে বা অস্থিতিশীলতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। গত ২৪ ঘণ্টায় আমরা ৪৪ জনকে গ্রেফতার করেছি।”

সুপ্রিম কোর্টের সামনে দায়িত্বরত বিজিবি সদস্যরা, ছবি: বাংলা ট্রিবিউন

তিনি জানান, কিছু ব্যক্তি রিকশাচালক বা সাধারণ পথচারীদের অর্থ দিয়ে স্লোগান দিতে বাধ্য করে ভিডিও তৈরি করছে। এসব ভিডিও পরে অনলাইনে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।শফিকুল ইসলাম বলেন, “যারা বিদেশে বসে এসব উসকানি দিচ্ছে, তাদেরও শনাক্ত করা হচ্ছে।”নাশকতা ঠেকাতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি অতিরিক্ত কমিশনার বলেন, “অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার আগে তার পরিচয় নিশ্চিত করুন। কোনও যানবাহন অরক্ষিত রাখবেন না। ঢাকাবাসীই আমাদের শক্তি।”তিনি আরও বলেন, ‘‘সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই।’’


এই বিভাগের আরো খবর