বিএনপির মহাসচিব বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর হলেও একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ এখনও গড়ে উঠেনি।’ তাই আগামীতে দেশ গড়তে তিনি সবার ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।তিনি বলেন, ‘আমরা বার বার বলে আসছি, স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন। তা না হলে যে সংকটগুলো তৈরি হচ্ছে সেগুলো কাটবে না।’বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। জাতির স্বার্থে ও স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থেই নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত পার্লামেন্ট ও সরকারের কথা বলছে।’
তিনি বলেন, ‘আমরা আশা করবো, অন্তবর্তী সরকার দ্রুত ন্যূনতম সংস্কার করে অর্থাৎ যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তা সম্পন্ন করে নির্বাচনের ঘোষণা দেবে।’মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক, আমরা চাই না। প্রকৃত সত্যকে উঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে।’
এ সময় আরও ছিলেন– দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।







