বিসিবির প্রতি নির্বাচনী পরিবেশ প্রস্তুতের আহবান জানিয়ে দেবব্রত বলেন, ‘কেউ কোনো প্রলোভন ছাড়া একটি নৈব্যর্ক্তিক এবং নিরপেক্ষ জায়গা থেকে যেন ভোট প্রদান করতে পারেন, তাদের মতামত প্রদান করতে পারেন। সেজন্য বিসিবির কাছে অনুরোধ থাকবে যেন একটি সুন্দর ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করে। দুই থেকে তিনজন কাউন্সিলর আমাকে কিছু অপ্রীতিকর বিষয় জানিয়েছেন। সে কারণে আমি মনে করি এখানে সুন্দর পরিবেশ তৈরি করা দরকার।’
নির্বাচনে দেবব্রত’র একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। যেখানে নির্বাচিত হওয়া নিয়েও আশাবাদী দেবব্রত, ‘ক্যাটাগরি-১ থেকে অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কিংবা ক্যাটাগরি-২ নিয়েও আমি কথা বলছি না। আমি আমার ক্যাটাগরি-৩ নিয়ে কথা বলছি। আমি গেল ছয়মাস ধরে কাজ করে যাচ্ছি। এই ক্যাটাগরিতে যত কাউন্সিলর রয়েছেন, সকলের সঙ্গে আমি সশরীরে ও ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। আমি ইতিবাচক সাড়া পাচ্ছি।’
বাংলাদেশ ক্রিকেটে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি বলে হতাশ সাবেক এই ক্রিকেটার, ‘আমি খেলোয়াড়ি জীবনের পরেও ক্রিকেটারদের সঙ্গে আছি। এই জায়গা থেকে নিজেকে নিয়ে বেশ আশাবাদী আমি। আমি কাউন্সিলরদের বলেছি, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আমি আলোর সহযাত্রী হতে চাই। টেস্ট স্বীকৃতি পাওয়ার পরে বাংলাদেশের ক্রিকেট যে জায়গায় যাওয়ার কথা ছিল, টেস্ট খেলুড়ে বিভিন্ন দেশগুলোকে দেখলে, যে জায়গায় যাওয়ার কথা ছিল আমরা সেখানে পৌঁছাতে পারিনি।’
‘আমি যদি আফগানিস্তানকে বিবেচনা করি, দেখতে পাব তারাও কিন্তু অনেকদূর এগিয়ে গেছে। তাদের অনেক ধরনের রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও। সেদিক থেকে আমাদের অনেক সামনে যাওয়ার সুযোগ ছিল। যেহেতু যেতে পারিনি, এ কারণেই আমি বলেছি, আমি আলোর সহযাত্রী হতে চাই’, আরও যোগ করেন দেবব্রত।