জাতীয় দলের ম্যানেজার আমের খান আজ সংবাদ মাধ্যমকে প্রাথমিক দল নিয়ে বলেছেন, ‘সমিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক দলে রাখা হয়নি। তবে হামজা চৌধুরী রয়েছেন।’
সমিত কানাডায় কাভারলির হয়ে খেলেন। ৬ ও ১৪ সেপ্টেম্বর কানাডিয়ান লিগে তাদের দু’টি ম্যাচ রয়েছে। সেই সময় বাংলাদেশ ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলবে।সেপ্টেম্বরে প্রীতি ম্যাচে হামজা চৌধুরীর খেলা প্রসঙ্গে টিম ম্যানেজার বলেছেন, ‘কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলছে।’
আপাতত মাত্র ৫জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দিয়েছেন। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর ফুটবলাররা আগামীকাল এবং কিংসের খেলোয়াড়দের শুক্রবার যোগ দেওয়ার কথা রয়েছে।







