পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বাদ পড়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ ভোটারের নাম। ভোটমুখী চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অসম বাদে সর্বত্রই এসআইআর হয়েছে। ভোটমুখী রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে তামিলনাড়ুতে। সে রাজ্যে মোট ৯৭.৩৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হওয়ার আগে ভোটার ছিলেন ৭.৬৬ কোটি জন। সোমবার বেশি রাতের দিকে কমিশন যে তথ্য জানিয়েছে, তাতে রাজ্যে ভোটারের সংখ্যা কমে হয়েছে ৬.৭৭ কোটি। পশ্চিমবঙ্গ-সহ সকল রাজ্যেই এসআইআর পর্বে যেমন ভোটার বাদ পড়েছেন, তেমনই কিছু নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।

তবে এই ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোনও রাজ্যেরই উত্তরপ্রদেশকে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। শুধু খসড়া তালিকাতেই উত্তরপ্রদেশে বাদ পড়েছে ২.৮৯ কোটি ভোটারের নাম। চূড়ান্ত তালিকা প্রকাশের পর তা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।
এসআইআর পর্বে গুজরাতে ৭৭.৯৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। খসড়া তালিকাতেই সে রাজ্যে ৭৪ লক্ষের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় আরও ৩.৯৫ লক্ষের নাম বাদ যায়। আগে সে রাজ্যে ৫.০৮ কোটি ভোটার ছিলেন। এখানেও নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। যার ফলে এখন চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা হয়েছে ৪.৪০ কোটি।

রাজস্থানেও বাদ গিয়েছে প্রায় ৩১.৩৬ লক্ষ ভোটারের নাম। আগের ভোটার তালিকায় সে রাজ্যে ৫.৪৬ কোটি ভোটার ছিলেন। এখন নতুন ভোটার তালিকায় রাজস্থানে ভোটার হয়েছেন ৫.১৫ কোটি। ছত্তীসগঢ়ে এসআইআর শুরুর আগে ২.১২ কোটি ভোটার ছিলেন। এখন সেখানে ভোটার কমে হয়েছে ১.৮৭ কোটি। ছত্তীসগঢ়ে বাদ পড়েছে ২৪.৯৯ লক্ষ ভোটারের নাম।