রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

পাকিস্তানের হারের সমালোচনায় নাকভি

স্পোর্টস ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে বড় হার। এরপর একসঙ্গে সাত ক্রিকেটার, প্রধান কোচ ও বোলিং কোচকে দেশে ফেরত পাঠানো। পাকিস্তান ক্রিকেটে এমন নাটকীয় রদবদলের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত নিয়ে। সমালোচনার কেন্দ্রে থাকা চেয়ারম্যান মহসিন নাকভি এবার মুখ খুলেছেন। তার সোজাসাপ্টা প্রশ্ন—তিনি দায়িত্ব নেওয়ার আগে পাকিস্তান ক্রিকেটের অবস্থাই বা কেমন ছিল?

ইংল্যান্ডে দলের পারফরম্যান্স যে প্রত্যাশা অনুযায়ী হয়নি, সেটিও স্বীকার করেছেন নাকভি। তবে তার মতে, দুটি টেস্টের ফল দিয়ে পুরো পাকিস্তান ক্রিকেটকে বিচার করা ঠিক হবে না, ‘যা হয়েছে, ভালো হয়নি। আমরা দুটি টেস্ট হেরেছি। কিন্তু আমি বিশ্বাস করি, আগামী দিনে আমরা ভালো খেলব। আমি আসার পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আট থেকে পাঁচে উঠেছি। টি-টোয়েন্টিতে নয়ে থেকে ছয়ে এসেছি। এই ফল কি খারাপ?’

সমালোচকদের গুরুত্ব দেওয়ার ক্ষেত্রেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন পিসিবি চেয়ারম্যান। তার ভাষায়, ওয়াসিম আকরামের মতো সাবেক তারকা যদি সমালোচনা করতেন, সেটি তিনি গুরুত্ব দিয়ে শুনতেন। তবে অন্যদের সমালোচনা নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন তিনি।


এই বিভাগের আরো খবর