সড়কে চাঁদাবাজিসহ শ্রমিকদের মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ জুন) ১০টা থেকে পাবনা-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পাবনা জেলা মটর মালিক গ্রুপ।শুক্রবার (২৭ জুন) দুপুর ২টার দিকে প্রতিবেদনটি লেখা পর্যন্ত ধর্মঘট চলমান রয়েছে। পাবনা জেলা মটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাবনা মটর মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতিসহ তিনটি সংগঠনের ডাকে পাবনা-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। চলমান সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সব বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু মাঝে-মধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাসচালক ও শ্রমিকদের মারধর করেন।
‘আমাদের এ কর্মসূচি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক শ্রমিকদের বিরুদ্ধে। আমরা স্থায়ী সমাধান দাবি করছি। এর আগেও অনেকবার ঝামেলা হয়েছিল। আমরা কয়েকদফা ধর্মঘট দিয়েছিলাম। তখন একটা সমাধান হয়েছিল। এখন আবার নতুন করে ঝামেলা সৃষ্টি করেছে।’